
মাঝ আকাশে ট্রাম্পের হেলিকপ্টারের কাছে চলে আসে যাত্রীবাহী বিমান, তদন্তে দুই সংস্থা
ডেস্ক রিপোর্টঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ সামরিক হেলিকপ্টার এবং একটি বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজ মাঝ আকাশে অস্বাভাবিকভাবে কাছাকাছি চলে আসার ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি খতিয়ে দেখছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দুপুরের দিকে ট্রাম্পকে নিয়ে ‘মেরিন ওয়ান’ হোয়াইট হাউস থেকে অ্যান্ড্রুজ বিমানঘাঁটির উদ্দেশে যাত্রা শুরু করে। একই সময়ে ওয়াশিংটনের রিগান ন্যাশনাল বিমানবন্দর থেকে এনভয় এয়ার পরিচালিত আমেরিকান এয়ারলাইন্সের একটি এমব্রেয়ার ই-১৭০ উড়োজাহাজও উড্ডয়ন করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সমন্বয়ে বিলম্ব ও যোগাযোগে কিছু অস্পষ্টতার কারণে দুই উড়োজাহাজের মধ্যকার আনুভূমিক দূরত্ব এক মাইলেরও কমে নেমে আসে। সাধারণত প্রেসিডেন্টের বিমান বা হেলিকপ্টার চলাচলের সময় নিরাপত্তার স্বার্থে আশপাশে বাণিজ্যিক ফ্লাইটের উড্ডয়ন সীমিত রাখা হয়।
মার্কিন বিমান চলাচল নিরাপত্তা বিধিমালা অনুযায়ী, আকাশে দুটি উড়োজাহাজের মধ্যে কমপক্ষে ১ দশমিক ৫ মাইল আনুভূমিক অথবা ৫০০ ফুট উল্লম্ব নিরাপদ দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
ঘটনাটি নিয়ে উদ্বেগ তৈরি হলেও হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সময়ই সরাসরি ঝুঁকির মুখে পড়েননি। মুখপাত্র কুশ দেসাই বলেন, ‘মেরিন ওয়ান’ পরিচালনায় বিশ্বের অন্যতম দক্ষ পাইলটরা দায়িত্ব পালন করেন এবং ঘটনার পূর্ণাঙ্গ পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এফএএ জানিয়েছে, নির্ধারিত নিরাপত্তা দূরত্ব কিছুটা কমে গেলেও পুরো সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল উভয় উড়োজাহাজের পাইলটদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছিল।
সূত্রঃ যুগান্তর