সবার কথা বলে

১৮ বছরেই বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক, গিনেসে নাথান থমাস

0 6

১৮ বছরেই বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক, গিনেসে নাথান থমাস

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ নাথান থমাস মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন। ২০২৩ সালের আগস্টে ১৮ বছর ৩৪৬ দিন বয়সে তিনি ফ্লোরিডার মিয়ামি ডেড কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ পান।

শৈশব থেকেই অসাধারণ মেধার পরিচয় দেওয়া নাথান মাত্র ১০ বছর বয়সে ‘ডুয়াল-এনরোলমেন্ট’ কর্মসূচির মাধ্যমে কলেজজীবন শুরু করেন। পরে ১৪ বছর বয়সে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং মাত্র ১৮ বছরেই তড়িৎ প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এর আগে পুরুষদের মধ্যে সর্বকনিষ্ঠ অধ্যাপক হওয়ার রেকর্ডটি ছিল স্কটিশ গণিতবিদ কলিন ম্যাকলরিনের দখলে। তিনি ১৭১৭ সালে ১৯ বছর বয়সে অধ্যাপক হয়েছিলেন। অন্যদিকে নারী-পুরুষ মিলিয়ে আগের রেকর্ডধারী আলিয়া সাবুরের তুলনায় নাথান ১৬ দিন কম বয়সে এই কৃতিত্ব অর্জন করেছেন। আলিয়া ২০০৮ সালে ১৮ বছর ৩৬২ দিন বয়সে রেকর্ডটি গড়েছিলেন।

বর্তমানে নাথান মিয়ামি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল’-এ ‘জুরিস ডক্টর’ ডিগ্রির জন্য অধ্যয়ন করছেন। পাশাপাশি তিনি অনলাইনে পাঠদানও চালিয়ে যাচ্ছেন। ২০২৮ সালে তার আইন বিষয়ে পড়াশোনা শেষ হওয়ার কথা।

ভবিষ্যতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতকে কেন্দ্র করে মেধাস্বত্ব আইন নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন নাথান।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রকৌশল শিক্ষা তাকে জটিল সমস্যাকে ছোট ছোট ধাপে ভাগ করে সমাধান করতে শিখিয়েছে। আইন বিষয়ক পড়াশোনাতেও তিনি একই কৌশল অনুসরণ করছেন।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.