
কুমিল্লায় প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা জব্দ
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লায় একটি প্রাডো গাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার হওয়া ৩ লাখ ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।
পুলিশ জানিয়েছে, কুমিল্লায় এ পর্যন্ত জব্দ হওয়া ইয়াবার চালানগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ফয়সাল হোসেন (২৫) এবং গাড়িচালক আমান উল্লাহ (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল জাগুরঝুলি এলাকায় অবস্থান নেয়। পরে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে চালানটির উৎস এবং কোথায় তা পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্রঃ বাসস