
চাকদ থেকে কাছকি রাস্তার মোড় পর্যন্ত গর্ত ও খোয়া রাস্তা সংস্কারে ছাত্রদলের উদ্যোগ।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে দীর্ঘদিনের ভাঙাচোরা ও গর্তে ভরা একটি রাস্তা সংস্কারে এগিয়ে এসেছে স্থানীয় ছাত্রদল ও যুব সমাজ।
বৃহস্পতিবার কেদারপুর ইউনিয়নের চাকদ এলাকা থেকে কেদারপুরের কাছকি রাস্তার মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্ত ও খোয়া ওঠে যাওয়া রাস্তার সংস্কার কাজ করা হয়।
কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের রাব্বি ঢালির নেতৃত্বে এ সংস্কার কার্যক্রম পরিচালিত হয়।
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণের দিকনির্দেশনায় স্থানীয় মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
এছাড়া আয়োজকরা জানান কেদারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ মাদবর এলাকার উন্নয়নে ও ছাত্রদলকে বিভিন্ন ভাবে দিকনির্দেশনা ও সার্বিক উন্নয়নে সহযোগীতা করে থাকেন।
রাস্তা সংস্কার কাজে এলাকার যুব সমাজের পাশাপাশি বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয়রা জানান, রাস্তার বিভিন্ন স্থানে গর্ত ও খোয়া উঠে যাওয়ায় দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে স্থানীয়দের উদ্যোগে রাস্তা সংস্কারের এ কার্যক্রমে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।