
শিশুদের স্বপ্ন পূরণে প্রয়োজন নিরাপদ ও মুক্ত পরিবেশ: জুবাইদা রহমান
ডেস্ক রিপোর্টঃ
শিশুদের মেধা, প্রতিভা ও সম্ভাবনার বিকাশে শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি খেলাধুলা এবং প্রকৃতির কাছাকাছি বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে অসীম সম্ভাবনা ও বড় স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে তাদের জন্য একটি সুন্দর ও মুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মূল শক্তি।
তিনি বলেন, শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন, খেলাধুলার সুযোগ এবং সুস্থ-সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনো শিশু যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়, সেদিকেও নজর দেওয়া জরুরি।
দেশের প্রত্যন্ত অঞ্চলসহ কোথাও কোনো শিশু-কিশোর যেন অবহেলায় হারিয়ে না যায়—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, প্রত্যেক শিশুর নিরাপদ বেড়ে ওঠা এবং পরিবারের কাছে সুরক্ষিত থাকা নিশ্চিত করা সবার দায়িত্ব।
শিশুদের প্রতিভা বিকাশে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে জুবাইদা রহমান বলেন, প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনা পেলে শিশুরা নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। ভবিষ্যতে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে উঠতেও এসব চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, শিশুরা সমাজ ও রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি। তাদের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দিতে হবে। একদিন তারাই নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে দেশের সুনাম ও মর্যাদা বাড়াবে।
নারীদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি—বাফওয়ার কর্মকাণ্ডেরও প্রশংসা করেন জুবাইদা রহমান। তিনি বলেন, দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীর উন্নয়নে বাফওয়ার প্রশিক্ষণ ও হস্তশিল্পভিত্তিক উদ্যোগ প্রশংসনীয়।
এর আগে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেন জুবাইদা রহমান। পরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ‘বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। অনুষ্ঠানে শিশুরা গান, নৃত্য, ফ্যাশন শোসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও থেরাপির সুযোগ এবং নারীদের স্বাবলম্বী করতে বাফওয়ার বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করেন তিনি। পরে শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি ও আদার্স ওমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের পক্ষ থেকে জুবাইদা রহমানকে শুভেচ্ছা স্মারক ও বিশেষ উপহার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ছবি দেওয়া হয়। পরে বাফওয়ার বিভিন্ন কার্যক্রম এবং ‘ব্লু স্কাই’ স্কুলের কর্মকাণ্ড নিয়ে নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি ও আদার্স ওমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান। আরও বক্তব্য দেন ‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ (পিএসসি)।
এ সময় সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীবৃন্দ, বাফওয়া এ কে খন্দকার ও বাশার শাখার প্রতিনিধিরা এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্রঃ বাসস