সবার কথা বলে

প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম স্বতন্ত্র প্রার্থী ডাঃখালেদ শওকত আলী

0 876

নিরপেক্ষতা প্রমাণে প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম স্বতন্ত্র প্রার্থী ডাঃখালেদ শওকত আলী।

শরীয়তপুর জেলা প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী আইনশৃঙ্খলা বাহীনিসহ প্রশাসনকে তাদের নিরপেক্ষতা প্রমাণের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। হত্যাসহ একাধিক মামলার আসামীরা নড়িয়া-সখিপুরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণাসহ ঈগল প্রতীকের সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে এ আল্টিমেটাম দেন তিনি।

সোমবার (১ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে নড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও শরীয়তপুর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী। সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক প্রদত্ত নির্বাচনী ইশতেহারে পূর্ণ সমর্থন জানান।

সংবাদ সম্মেলনে খালেদ আলী বলেন, নড়িয়া-সখিপুরের বিভিন্ন এলাকায় টার্গেট করে ঈগল প্রতীকের সমর্থকদের নামে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। থানায় বসা থাকা সত্ত্বেও জেলা পরিষদের সদস্য আলী আজগর চুন্নুকে আসামী করা হয়েছে। আমাদের দুইজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ অনেক আগে দায়ের হওয়া হত্যাসহ বর্তমানেও দায়ের হওয়া একাধিক মামলার আসামীরা নৌকা প্রতীকের প্রার্থীর সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি বলতে চাই, আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি প্রশাসন এই সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না করে তাহলে আমি আমার সিদ্ধান্ত নিতে বাধ্য হব। প্রশাসন জানে যে বিভিন্ন ক্যাম্পে গিয়ে এই সকল চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয় ও নৌকা প্রতীকের প্রার্থীর (এ কে এম এনামুল হক শামীম) ছত্রছায়ায় এসকল সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নে এসকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে প্রশাসনকে প্রমাণ করতে হবে যে তারা নিরপেক্ষ।

প্রশাসন ভালো কাজ করছে উল্লেখ করে তাদেরকে সাধুবাদ জানিয়ে খালেদ শওকত আলী আরও বলেন, প্রশাসনের ওপর শতভাগ বিশ্বাস রাখতে চাই। তারপরেও প্রশাসনের কিছু ক্ষেত্রে প্রমাণ করার জায়গা আছে। আমি আশা করব, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আইনশৃঙ্খলা বাহীনিসহ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার প্রমাণসমূহ পাব। অন্যথায় ৪৮ ঘন্টা পর আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দেব।

প্রয়াত ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলীর পরিবারের অধপতন হয়েছে বলে নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীমের করা অভিযোগের জবাব দিয়ে খালেদ শওকত আলী বলেন, পরিবার বলতে উনি (এনামুল হক শামীম) কী বোঝান? ওনার ভাই (ডা. আশরাফুল হক সিয়াম), একজন সরকারি কর্মকর্তা, সরকারের চাকরি করে, সরকারের বেতন গ্রহণ করে। তিনি যে রাস্তায় রাস্তায় ভোট প্রার্থনা করে সরকারি চাকরি বিধি অমান্য করছেন, তাতে পরিবারের কিছু হয় না? বিভিন্ন জায়গায় জায়গায় ফোন করে হুমকি-ধামকি দিচ্ছেন, তাতে পরিবারের কিছু হয় না? তখন পরিবার কোথায় যায়? জাতীয় বীর কর্নেল শওকত আলীর পরিবার নিয়ে মন্তব্য করে যে দৃষ্টতা উনি দেখিয়েছেন, এর জবাব নড়িয়া-সখিপুরের মানুষ ৭ তারিখে ব্যালেটের মাধ্যমে দিবে।

পানি সম্পদ উপমন্ত্রী ও নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীম বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেন দাবি করে খালেদ শওকত আলী বলেন, বিএনপির জেলা সভাপতি শফিকুর রহমান কিরন থেকে নাকি টাকা নিয়ে আমি নির্বাচন করছি। আমি বলতে চাই যিনি এই কথা বলছেন তার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এই কথার প্রমাণ দিতে হবে। অন্যথায় আমি মানহানির মামলাসহ সকল প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মানুষকে অপমান করে কেউ বড় হতে পারে না। ছোট মনের মানুষরাই এই ধরণের কথা বলে। বড় মনের মানুষ হতে হলে বড় কাজ করতে হয়। ২০০৮ সালের নির্বাচনে কারা কার থেকে টাকা নিয়েছিল, তা আমরা জানি। কারা ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করেছিল তাও আমরা জানি। বেসামাল কথাবার্তা বলা বন্ধ করুন নয়তো আমরা মুখোস উন্মোচন করে দেব।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.