
ভাইরাল ভিডিও নিয়ে লিখিত ব্যাখ্যা দিলেন চামটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম বেপারী।
এম এ জব্বার – সংবাদের পাতা:
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নিজের অবস্থান ব্যাখ্যা করে লিখিত বক্তব্য দিয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শামীম বেপারী।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত ৪-৫ দিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি সংযুক্ত করে একটি ভিডিও প্রচার করা হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।
তিনি জানান, প্রায় দুই বছর আগে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি রাস্তার পাশে আড্ডার সময় বিভিন্ন অভিনয়ধর্মী প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশ নিয়েছিলেন। ওই সময়ের প্রায় ১৮ মিনিটের ভিডিও থেকে মাত্র ১৪ সেকেন্ডের একটি অংশ কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, যা তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
শামীম বেপারীর ভাষ্য, দীর্ঘদিন আগের ওই ভিডিওকে বর্তমান সময়ে ছড়িয়ে দিয়ে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চলছে। তিনি আরও দাবি করেন, তিনি একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী হওয়ায় পরিকল্পিতভাবে তাকে ও তার দলকে বিতর্কিত করার উদ্দেশ্যেই ভিডিওটি প্রচার করা হচ্ছে।
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য প্রকাশের মাধ্যমে সত্য উদঘাটনে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছেন।