নড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ, অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা

নড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ, অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি দিতে প্রায় ৭০০ শিক্ষার্থীর মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকদের জন্যও বিশ্রামের ব্যবস্থা করা হয়।
শনিবার (৪ জুলাই) দুপুরে নড়িয়া সরকারি কলেজ কেন্দ্র প্রাঙ্গণে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
মাননীয় সংসদ সদস্য, নড়িয়া-সখিপুরের গণমানুষের নেতা আলহাজ্ব সফিকুর রহমান কিরণের নির্দেশনায় নড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নুর মোহাম্মদ বেপারীর উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজকরা জানান, প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের কষ্ট লাঘব এবং অভিভাবকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়। পাশাপাশি অপেক্ষমাণ অভিভাবকদের বসার জন্য ছাউনিসহ বিশ্রামের ব্যবস্থা করা হয়।
পরীক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন মানবিক উদ্যোগ গরমের মধ্যে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য অনেক উপকারে এসেছে।