সবার কথা বলে

পর্যায়ক্রমে শিক্ষকদের সম্মানি বাড়ানো হবে, প্রাথমিক শিক্ষার্থীরা পাবে ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী

0 6

পর্যায়ক্রমে শিক্ষকদের সম্মানি বাড়ানো হবে, প্রাথমিক শিক্ষার্থীরা পাবে ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ

আজ ৮ জুলাই, প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের সম্মানি ধাপে ধাপে বৃদ্ধি করা হবে। একই সঙ্গে তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থাও জোরদার করবে সরকার।

বুধবার বিকেলে জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, অতীত সরকারের সময়ে অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। তাঁর ভাষায়, শুধু প্রশিক্ষণ দিলেই হবে না, শিক্ষকদের যথাযথ সম্মানি নিশ্চিত করতে হবে। তা না হলে তাদের কাছ থেকে প্রত্যাশিত মানের শিক্ষা পাওয়া কঠিন হবে।

প্রধানমন্ত্রী জানান, সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি তাদের আর্থিক অবস্থার উন্নয়নে পর্যায়ক্রমে সম্মানি বাড়ানোর উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংসার চালানোর প্রয়োজনে ক্লাস শেষ করে অন্য পেশায় যুক্ত হতে বাধ্য হন। মাধ্যমিক পর্যায়েও একই ধরনের পরিস্থিতি দেখা যায়। শিক্ষকদের যাতে অতিরিক্ত কাজ করতে না হয় এবং তারা পুরো সময় শিক্ষার্থীদের শিক্ষাদানে ব্যয় করতে পারেন, সে লক্ষ্যেই সম্মানি বাড়ানোর প্রয়োজন রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

এদিন বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। কার্যসূচির প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল। এ সময় তিনি চারজন সংসদ সদস্যের তারকাচিহ্নিত প্রশ্ন এবং নয়জনের সম্পূরক প্রশ্নের উত্তর দেন।

এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ দেওয়া হবে।

তিনি বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ধাপে ধাপে এর আওতায় আনা হবে এবং প্রতিটি সংসদীয় এলাকাতেই এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

চীনে কাঁঠাল রপ্তানির সম্ভাবনা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সাম্প্রতিক চীন সফরে এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। চীনের মানুষ কাঁঠাল পছন্দ করে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, চীন সফরের আগে মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে জানান, মালয়েশিয়া প্রতিবছর প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের ডুরিয়ান চীনে রপ্তানি করে। প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া যদি ডুরিয়ান রপ্তানিতে এমন সাফল্য অর্জন করতে পারে, তবে বাংলাদেশও কাঁঠাল রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে।
সূএঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.