
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুই প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে জানানো হয় যে, চীনের সিএমইসি গ্রুপ ঢাকা উত্তর সিটির আমিনবাজারে একটি ওয়েস্ট-টু-এনার্জি কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে প্রকল্পটি ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ২০২৮ সালের আগস্টে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং প্রকল্পটি থেকে পরবর্তী ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
এছাড়া, দক্ষিণ কোরিয়ার বি অ্যান্ড এফ কোম্পানি ঢাকা দক্ষিণ সিটির মাতুয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনের আরেকটি প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদন করা হবে, যা থেকে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বা দৈনিক গড়ে ২২১ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।
মাতুয়াইল প্রকল্পে বিদ্যুতের পাশাপাশি সৌরশক্তি, জৈব সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। এ জন্য প্রতিদিন প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টন বর্জ্য ব্যবহার করা হবে।
বৈঠকে জানানো হয়, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী প্রকল্প দুটির কাজ দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অতিরিক্ত প্রেস সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূএঃ বাসস