সবার কথা বলে

উত্তরাঞ্চলের উন্নয়ন বাজেট কমানো হয়েছে পরিকল্পিতভাবে: নাহিদ ইসলাম

0 2

উত্তরাঞ্চলের উন্নয়ন বাজেট কমানো হয়েছে পরিকল্পিতভাবে: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় পরিকল্পিতভাবে এ অঞ্চলের বড় উন্নয়ন প্রকল্পের বাজেট কমিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কুড়িগ্রামের টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘কৃষক সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, উত্তরাঞ্চলের মানুষ জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু বর্তমান সরকার এ অঞ্চলের উন্নয়নে প্রয়োজনীয় গুরুত্ব দিচ্ছে না। তার দাবি, কুড়িগ্রাম ও রংপুরসহ উত্তরাঞ্চলের জন্য বড় কোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়নি, ফলে এখানকার মানুষ অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছে।

তিনি বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হলেও তারা এখনও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। কৃষকদের পক্ষে কার্যকরভাবে কথা বলার মতো শক্তিশালী সংগঠনেরও অভাব রয়েছে। সরকারের নীতির কারণে কৃষিকাজে অনেকের আগ্রহ কমে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিস্তা প্রকল্প প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে চীন সফর করলেও প্রত্যাশিত কোনো অগ্রগতি হয়নি। একই সঙ্গে তিনি উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করে কৃষক ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, দেশের কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না এবং ক্ষুদ্র ঋণের বোঝা অনেককে চরম সংকটে ফেলে। কৃষিকে টেকসই করতে আধুনিকায়ন এবং কৃষিনীতি সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সূএঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.