সবার কথা বলে

১ নভেম্বরই পালিত হবে জাতীয় যুব দিবস, মন্ত্রিসভার অনুমোদন

0 2

১ নভেম্বরই পালিত হবে জাতীয় যুব দিবস, মন্ত্রিসভার অনুমোদন

ডেস্ক রিপোর্টঃ

সরকার আবারও প্রতি বছরের ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক যুব দিবস আগের মতোই প্রতি বছর ১২ আগস্ট পৃথকভাবে উদযাপন করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস আলাদাভাবে উদযাপন করা হতো। তবে সাবেক অন্তর্বর্তী সরকারের সময় দুটি দিবস একত্রে ১২ আগস্ট পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ২০২৫ সালে প্রথমবার একই দিনে এ দুটি দিবস উদযাপিত হয়।

কিন্তু বর্ষা মৌসুমে দুই দিবস একসঙ্গে আয়োজন করায় যুব র‌্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে নানা সমস্যা দেখা দেয়। এতে বিশেষ করে যুব উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হন।

এ ছাড়া জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক কার্যক্রম বেশি সফল হয় বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে এবং আন্তর্জাতিক যুব দিবস সরকারি-বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় উদযাপিত হওয়ায় দুটি দিবস পৃথকভাবে পালন করাকে যৌক্তিক বলে মনে করেছে সরকার।

এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

সূএঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.