
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের অগ্রাধিকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি জানিয়েছেন।
সাক্ষাতে আইএলও মহাপরিচালক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও বেড়েছে। একই সঙ্গে তিনি শ্রমখাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে আইএলওর সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
জবাবে প্রধানমন্ত্রী আইএলওর অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় আইএলও মহাপরিচালক জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি এটিকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক সাফল্যেরও প্রশংসা করেন।
বৈঠকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রের নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতিও আলোচনায় উঠে আসে।
সরকার ও আইএলওর মধ্যে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে আইএলও মহাপরিচালক শ্রমখাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইএলওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্রঃ বাসস