
আয়নী হ/ত্যা মামলায় একমাত্র আসামির
মৃ/ত্যু/দ/ণ্ড
ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ৯ বছর বয়সী স্কুলছাত্রী আবিদা সুলতানা আয়নী হত্যা মামলায় একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য, আলামত এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত নিশ্চিত হন যে, ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় শিশুটিকে হত্যা করা হয়েছিল। এ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া পৃথক দুটি ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২১ মার্চ নিখোঁজ হয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবিদা সুলতানা আয়নী। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় শিশুটির মা পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তদন্তে স্থানীয় সবজি বিক্রেতা মো. রুবেলের সম্পৃক্ততার তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের নয় দিন পর পাহাড়তলীর মুরগি ফার্ম এলাকার একটি ডোবা থেকে আয়নীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার পোশাক ও স্যান্ডেলও জব্দ করা হয়।
পরবর্তীতে রুবেল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আয়নীর মা আদালতে নালিশি মামলা করলে আদালতের নির্দেশে সেটি এফআইআর হিসেবে গ্রহণ করা হয়। তদন্ত শেষে পুলিশ অপহরণ, ধর্ষণ, হত্যা ও লাশ গুমের অভিযোগে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ গঠনের পর বিচারিক কার্যক্রম শেষে আদালত এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন।
সূত্রঃ বাসস