
জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপির: হাসনাত আব্দুল্লাহ
ডেস্ক রিপোর্টঃ
জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে আয়োজিত ‘জুলাই জনসভা ও পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ এবং জনগণের আকাঙ্ক্ষার রাষ্ট্র গঠনে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজন। একই সঙ্গে জনগণের অধিকার নিশ্চিত ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় এনসিপি ধারাবাহিকভাবে কাজ করবে।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বর্তমানে সংসদে এনসিপির ছয়জন প্রতিনিধি রয়েছেন। ভবিষ্যতে জনগণের সমর্থনে সেই সংখ্যা ১৬০-এ পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা আলম মিতু (এমপি), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মহিউদ্দিন রনি, জুনায়েদ আহমেদ রাফি, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল এবং সদস্যসচিব লাবিব আহমদসহ অন্যান্য নেতারা।
ফকিরহাট উপজেলা এনসিপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং তৃণমূলে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টির দাবিও তুলে ধরেন।
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফকিরহাটে এনসিপির প্রার্থী হিসেবে জেলা সদস্যসচিব লাবিব আহমদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্রঃ যুগান্তর