সবার কথা বলে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন

0 2

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্টঃ

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন কাজী সালাহউদ্দিন। শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন হয়নি। ফলে অন্য প্রার্থীদের মতো কাজী সালাহউদ্দিনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের শূন্যপদের চেয়ে প্রার্থীর সংখ্যা বেশি না হলে সংশ্লিষ্ট প্রার্থীদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়। এই বিধান অনুসারেই দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ পদে আরও এক মেয়াদের জন্য দায়িত্ব পেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি।

২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন। এবার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি পঞ্চমবারের মতো সংস্থাটির সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন।

এর আগে সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সীদের নির্বাহী কমিটির কোনো পদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল না। তবে গত বছর কলম্বোতে অনুষ্ঠিত সাফের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সসীমা সংক্রান্ত ওই নিয়ম বাতিল করা হয়। ফলে এবার নির্বাচনে অংশ নিতে কাজী সালাহউদ্দিনের সামনে বয়সজনিত কোনো বাধা ছিল না।

নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্বও বাড়ছে। বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।

এ ছাড়া শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হচ্ছেন। অন্যদিকে, মালদ্বীপের হুসাইন শাফিউ কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.