
তরুণদের উদ্ভাবনী শক্তিই বাংলাদেশের আগামী দিনের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ গঠনে তরুণ উদ্ভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং নতুন স্টার্টআপ উদ্যোগে তরুণদের পাশে সরকার সবসময় থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবট নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বিষয়টি জানান।
বিশ্বজয়ী দলটির সদস্যরা মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনায় তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে আরও এগিয়ে নেবে এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। তরুণদের গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের অগ্রগতি আরও দ্রুত করা সম্ভব নয়। তরুণরা প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চাইলে সরকারি স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিশ্বচ্যাম্পিয়ন আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা এবং সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
রোবটটির প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকভাবে ব্যবহার উপযোগী করে তোলা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহায়তা করবে বলেও জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী উদ্ভাবক দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে চান। শিক্ষার্থীরা জানান, পড়াশোনা শেষ করে তারা প্রযুক্তি খাতেই কাজ করতে চান এবং নিজেদের উদ্যোগে নতুন উদ্ভাবনী কার্যক্রম গড়ে তোলার আগ্রহ রয়েছে।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর উদ্যোগ বা স্টার্টআপ গড়ে তুলতে চাইলে সরকারি কর্মসূচির আওতায় তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ওষুধশিল্প, আসবাবপত্র ও প্রসাধনীসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতকে শক্তিশালী করে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে সরকার।
তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্পকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এ শিল্পের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশের প্রতিটি খাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে বাংলাদেশের অগ্রগতি আরও দ্রুত হবে।
উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়।
যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের দলগুলোকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্বচ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের একটি দল রানার্স-আপ এবং আয়োজক দেশ কানাডা তৃতীয় স্থান অর্জন করে।
সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সূত্রঃ বাসস