সবার কথা বলে

এনআইডি সংশোধনের আবেদন দ্রুত ও সহজে নিষ্পত্তিতে ইসির চার সদস্যের কমিটি

0 1

এনআইডি সংশোধনের আবেদন দ্রুত ও সহজে নিষ্পত্তিতে ইসির চার সদস্যের কমিটি

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া আরও সহজ, কার্যকর ও দ্রুত করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, এনআইডি সংশোধনের আবেদন যাচাই ও নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করতে আবেদনকারীদের জমা দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক পর্যালোচনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)। সদস্য হিসেবে থাকবেন নিবন্ধন ও প্রবাসী সেবা শাখার উপপরিচালক এবং মুদ্রণ ও বিতরণ ইউনিটের সহকারী পরিচালক। সংশোধন ও প্রতিস্থাপন শাখার সহকারী পরিচালক কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে, এনআইডিতে কী ধরনের তথ্য পরিবর্তনের আবেদন করা হয়, তা বিভিন্ন শ্রেণিতে ভাগ করা। পাশাপাশি প্রতিটি ধরনের সংশোধনী আবেদন নিষ্পত্তির জন্য কোন কোন দলিল বা প্রমাণক প্রয়োজন, তার একটি নির্দিষ্ট তালিকা তৈরি করা।

এ ছাড়া ‘ঘ’ শ্রেণির যেসব আবেদন পর্যাপ্ত প্রমাণপত্র না থাকায় বাতিল করা হয়েছিল এবং পরে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে পুনরায় জমা দেওয়া হয়েছে, সেসব আবেদন কীভাবে নিষ্পত্তি করা হবে—সে বিষয়ে সুপারিশ করবে কমিটি।

আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় নির্ধারণেও কমিটি মতামত দেবে।

এনআইডি সংশোধনের আবেদন অনলাইনে বা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের সময় যেসব জটিলতা দেখা দেয়, সেগুলো দূর করতে সিএমএস পোর্টালে কী ধরনের পরিবর্তন আনা প্রয়োজন, সে বিষয়েও সুপারিশ করা হবে।

এ ছাড়া এনআইডি লক ও আনলক এবং রোলব্যাক করার ক্ষেত্রে প্রয়োজনীয় যৌক্তিকতা ও প্রক্রিয়া নির্ধারণে কমিটি সুপারিশ দেবে।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.