সবার কথা বলে

দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে সার্কুলার জারির নির্দেশ হাইকোর্টের

0 7

দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে সার্কুলার জারির নির্দেশ হাইকোর্টের

ডেস্ক রিপোর্টঃ

দুর্ঘটনায় আহত যেকোনো ব্যক্তিকে সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা (সার্কুলার) জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (৬ আগস্ট) আট বছর আগে দায়ের করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।

রিট আবেদনটি করা হয়েছিল ২০১৮ সালে রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় আহত দুই ব্যক্তির মৃত্যুর প্রেক্ষাপটে। ওই ঘটনায় আহত খুলনার ব্যবসায়ী মো. ইব্রাহিমকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা না দিয়ে অন্য হাসপাতালে পাঠানো হলে চিকিৎসা পাওয়ার আগেই তার মৃত্যু হয়। একই ঘটনায় ছিনতাইকারীদের গাড়ির ধাক্কায় প্রাণ হারান হেলেনা বেগম।

রায়ের পর রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ জানান, আদালত অবিলম্বে সব হাসপাতাল-ক্লিনিকে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে সার্কুলার জারির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ২০১৮ সালের সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত বিধিমালা সংশোধন করে সব ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে নিকটস্থ হাসপাতালের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধান প্রণয়নের কথাও বলা হয়েছে।

এছাড়া ক্ষতিপূরণের বিষয়ে আদালত উল্লেখ করেছেন, এ ধরনের দাবি বিদ্যমান আইনের আওতায় তদন্তের ভিত্তিতে নিষ্পত্তি করা সম্ভব। তাই ক্ষতিগ্রস্তরা প্রচলিত আইন অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.