
আইএলটি২০ থেকে বাদ সাকিব, মোস্তাফিজকে রেখে দিল দুবাই
ডেস্ক রিপোর্টঃ
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর আইএলটি২০-এর পঞ্চম মৌসুমে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে দলে রাখেনি তাদের ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে গত আসরে কার্যকর পারফরম্যান্সের পুরস্কার হিসেবে মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস।
আগামী ২২ নভেম্বর শুরু হওয়ার কথা আইএলটি২০-এর পঞ্চম আসর। এরই মধ্যে অংশ নেওয়া দলগুলো ধরে রাখা এবং নতুন করে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দুবাই ক্যাপিটালসের ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মোস্তাফিজ।
গত মৌসুমে বিপিএলের ব্যস্ততার কারণে পুরো টুর্নামেন্টে খেলতে পারেননি বাঁহাতি এই পেসার। দেশে ফেরার আগে ৮ ম্যাচে ১৫.৫৩ গড়ে ও ১১.৫০ স্ট্রাইক রেটে তিনি শিকার করেন ১৫ উইকেট। আসর শেষে বোলারদের সামগ্রিক তালিকায় সেরা পাঁচেও জায়গা করে নেন মোস্তাফিজ।
এমন পারফরম্যান্সের পর তাকে ধরে রাখতে খুব বেশি ভাবতে হয়নি দুবাই ক্যাপিটালসকে। দলটি ক্যারিবিয়ান অলরাউন্ডার রভম্যান পাওয়েলকেও রেখে দিয়েছে। পাশাপাশি নতুন চুক্তিতে মার্কাস স্টয়নিস ও নুর আহমেদকে দলে যুক্ত করেছে তারা।
তবে গত আসরটি সাকিবের জন্য ছিল হতাশার। এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচে ৫ ইনিংস ব্যাট করে তিনি ১১৫ রান করেন, স্ট্রাইক রেট ছিল ১২২.৩৪। বল হাতেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি; পেয়েছেন মাত্র ৩ উইকেট। ফলে নতুন মৌসুমের আগে তাকে ছেড়ে দিয়েছে এমআই এমিরেটস।
তাসকিন আহমেদও শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খুব একটা খারাপ করেননি। আইএলটি২০-তে নিজের অভিষেক মৌসুমে ৬ ম্যাচে ১৫.৪৪ গড়ে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। এরপরও শারজাহর ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের এই পেসারের।
শারজাহ ওয়ারিয়র্স এবার শুধু সিকান্দার রাজাকে ধরে রেখেছে। নতুন চুক্তিতে দলে যোগ দিয়েছেন অ্যাডাম মিলনে, জেমস ভিন্স ও ওয়াকার সালামখিল।
এবারের আসরে প্রথমবার আইএলটি২০ খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার দুই বিধ্বংসী ব্যাটার হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারকে। গালফ জায়ান্টস তাদের দলে নিয়েছে। অন্যদিকে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে এই টুর্নামেন্টে অভিষেক হবে নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের।
আইএলটি২০-এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবর দুবাইয়ে। নিলামের মাধ্যমে দলগুলো সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড পূর্ণ করতে পারবে। নিলাম শেষে ওয়াইল্ডকার্ড নিয়মে আরও একজন করে খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকবে প্রতিটি দলের।
সূত্রঃ যুগান্তর