
এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি, আগ্রহী ম্যানসিটি
ডেস্ক রিপোর্টঃ
চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ২৫ বছর বয়সী এই তারকাকে পেতে হলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে ইংলিশ জায়ান্টদের। এনজোর সম্ভাব্য দলবদলের মূল্য ১২০ মিলিয়ন পাউন্ড নির্ধারণ করেছে চেলসি, আর এই দাবি থেকে আপাতত সরে আসার কোনো ইঙ্গিতও দেয়নি তারা।
এনজোর সঙ্গে চেলসির বর্তমান চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত। দীর্ঘমেয়াদি চুক্তি থাকায় তাকে বিক্রির ক্ষেত্রে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে লন্ডনের ক্লাবটি। এর মধ্যেই ম্যানচেস্টার সিটির আগ্রহ বাড়তি গুরুত্ব পাচ্ছে। কারণ চেলসির কোচ এনজো মারেসকা আর্জেন্টাইন এই মিডফিল্ডারের সামর্থ্য সম্পর্কে ভালোভাবে অবগত এবং তার খেলার ধরনও পছন্দ করেন।
সাংবাদিক বেন জ্যাকবসের তথ্য অনুযায়ী, ম্যানচেস্টার সিটির সম্ভাব্য টার্গেটের তালিকায় এনজো ফার্নান্দেজের নাম রয়েছে। দল পুনর্গঠনের পরিকল্পনায় তাকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করছেন মারেসকা। তবে চেলসির পক্ষ থেকে অবস্থান পরিষ্কার করে দেওয়া হয়েছে—১২০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব না পাওয়া পর্যন্ত এনজোকে বিক্রি নিয়ে কোনো আলোচনায় যেতে রাজি নয় তারা।
এনজোর জন্য চেলসির এই বিপুল মূল্য নির্ধারণের খবর প্রথম সামনে আসে গত মে মাসে। তখন টকস্পোর্ট জানিয়েছিল, আর্জেন্টাইন মিডফিল্ডারকে ছাড়তে রেকর্ড অঙ্কের অর্থ দাবি করতে পারে চেলসি। এরপর বেশ কিছুদিন ধরে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাব আসেনি, যার কারণে চেলসিকে তাদের চাওয়া অর্থ কমানোর বিষয়টি ভাবতে হচ্ছে।
তবে এনজোই ম্যানচেস্টার সিটির একমাত্র মিডফিল্ডার টার্গেট নন। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ফরাসি ক্লাব লিলের ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দির প্রতিও আগ্রহ রয়েছে সিটির। তরুণ এই ফুটবলারকে দলে আনতে প্রায় ৮৫ মিলিয়ন পাউন্ড প্রয়োজন হতে পারে।
ফলে এনজোকে পেতে চেলসির ১২০ মিলিয়ন পাউন্ডের দাবি মেনে নেবে কি না, সেটিই এখন ম্যানচেস্টার সিটির সামনে বড় সিদ্ধান্ত। একই সঙ্গে বিকল্প পরিকল্পনা হিসেবে বুয়াদ্দিকেও নজরে রেখেছে ইংলিশ ক্লাবটি।
সূত্রঃ যুগান্তর