
রাজধানীতে ভেজাল ঘি কারখানা সিলগালা ও ডেমরায় ভুয়া হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা।
ইদ্রিসুর রহমান হৃদয় – সংবাদের পাতা:
রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভেজাল ঘি প্রস্তুতকারী একটি অবৈধ কারখানা ও অনিয়মে পরিচালিত একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে ভেজাল ঘি কারখানার মালিক ও ভবন মালিককে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ডেমরার একটি হাসপাতালে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৬ লাখ টাকা জরিমানা এবং হাসপাতালটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা উইং এনএসআইয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১০, কদমতলী থানা পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
কদমতলীতে নকল ব্র্যান্ডের মোড়কে ভেজাল ঘিঃ
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কদমতলী থানাধীন ২১২ খানকা শরীফ রোড এলাকায় একটি অবৈধ ঘি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ‘জিতু ফুড প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটিতে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক নকল করে ভেজাল ঘি তৈরি ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে জিতু ওয়ান স্পেশাল ঘি, বাঘাবাড়ী ঘি, আড়ং ডেইরি ঘি, মিল্ক ভিটা ঘি ও মিল্ক ভিটা কাউস ঘির নকল প্যাকেট ও পণ্য জব্দ করা হয়।
র্যাব-১০-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়েরের নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানার মালিককে ২ লাখ টাকা এবং ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ভেজাল ঘি ঘটনাস্থলেই ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়।
ডেমরায় হাসপাতালে নানা অনিয়ম, ৬ লাখ টাকা জরিমানাঃ
অন্যদিকে, সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকার সাদ সুপার মার্কেটে অবস্থিত ‘মেডিহোপ জেনারেল হাসপাতাল’-এ অভিযান চালায় ঢাকা উইং এনএসআই (পূর্ব জোন), র্যাব-১০ ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ দল।
অভিযানে হাসপাতালটিতে বৈধ এমবিবিএস ডিগ্রি বা সনদ ছাড়াই চিকিৎসা দেওয়ার অভিযোগসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এছাড়া ল্যাবরেটরির টেস্ট রিপোর্টে নিবন্ধিত চিকিৎসকদের স্বাক্ষর জালিয়াতি এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের বিষয়টি পাওয়া যায়। হাসপাতালের ভেতরের ফার্মেসিতেও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।
র্যাব-১০-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা, কথিত ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা এবং ফার্মেসিকে ১ লাখ টাকা—মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত না হওয়া পর্যন্ত হাসপাতালটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে ঢাকা উইং এনএসআইয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্য, র্যাব-১০-এর এএসপি তাপস কর্মকারসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।