
কদমতলীতে হায়াত জেনারেল হাসপাতালে যৌথ অভিযান: ৪ লাখ টাকা জরিমানা।
ইদ্রিসুর রহমান হৃদয় – সংবাদের পাতা:
রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় লাইসেন্স মেয়াদোত্তীর্ণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘হায়াত জেনারেল হাসপাতাল’ নামক একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), র্যাব-১০ এবং স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১২ আগস্ট বুধবার বিকাল ৪:০০ টা থেকে ৪:৫০ টা পর্যন্ত কদমতলীর ৪৯৬ হাজী খোরশেদ আলী সরদার রোডস্থ ওই হাসপাতালে এই অভিযান পরিচালিত হয়। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসান এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা যায়, হায়াত জেনারেল হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়াসহ বেশ কিছু গুরুতর অনিয়ম পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানে অনুমোদিত নারকোটিকস লাইসেন্স ছাড়াই মাদকদ্রব্য রাখা, অনুমোদনহীন ফার্মেসি পরিচালনা, অনুমোদনহীন ড্রাগ সংরক্ষণ, নিয়মিত কোনো মেডিকেল ডাক্তার না থাকা এবং ডাক্তারদের স্বাক্ষর জালের মতো গুরুতর অপরাধ প্রমাণিত হয়। এসব অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসপাতালটিকে ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা জরিমানা করা হয়।
ঢাকা উইং এনএসআই এই যৌথ অভিযানের নেতৃত্ব প্রদান করে এবং অভিযান শেষেও ঘটনাস্থল ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে র্যাব, স্বাস্থ্য অধিদপ্তর এবং ওষুধ প্রশাসনের সদস্যরা উপস্থিত থেকে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করছেন।