
ইনফান্তিনোকে সরানো হবে বড় ভুল, সতর্ক করলেন ট্রাম্প
ডেস্ক রিপোর্টঃ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে যখন বিভিন্ন ফুটবল কনফেডারেশনের মধ্যে অসন্তোষ বাড়ছে, তখন তাকে পদ থেকে সরানোর যেকোনো উদ্যোগকে ‘বড় ভুল’ হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প।
বর্তমানে ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছে উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তাদের অভিযোগ, ইনফান্তিনো ভবিষ্যতের বিশ্বকাপ থেকে অর্জিত সম্ভাব্য আয়ের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার উদ্যোগ নিয়ে ‘বিশ্বাসের গুরুতর লঙ্ঘন’ করেছেন।
তবে সম্প্রতি শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপের সাফল্যের প্রসঙ্গ তুলে ইনফান্তিনোর নেতৃত্বের প্রশংসা করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইনফান্তিনোকে সরানোর চিন্তা করা হলে সেটি হবে বড় ভুল। ট্রাম্পের দাবি, ইনফান্তিনোর নেতৃত্বেই ইতিহাসের অন্যতম সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে এবং তাকে হারালে ভবিষ্যতে বিশ্বকাপ আর একই মাত্রায় সফল বা লাভজনক হবে না।
আগামী মার্চে ফিফার সভাপতি নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের কয়েক মাস আগে ট্রাম্পের এই বক্তব্য ইনফান্তিনোর পক্ষে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমর্থন হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে ফিফা সভাপতি হিসেবে তার নেতৃত্ব নিয়ে সদস্য সংস্থা ও কনফেডারেশনগুলোর আস্থার প্রশ্নও জোরালো হচ্ছে।
মূল বিতর্কের সূত্রপাত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা ঘিরে। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ ও অংশীদারিত্বের সুযোগ তৈরির পরিকল্পনা করা হয়েছিল। তবে বিভিন্ন কনফেডারেশন ও ফুটবল সংস্থা এতে তীব্র আপত্তি জানায়।
পরিস্থিতি জটিল হয়ে উঠলে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করে ফিফা। ইনফান্তিনো ও ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম এ নিয়ে দুঃখ প্রকাশ করে ভুল স্বীকার করেন। ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না বলেও প্রতিশ্রুতি দেন তারা। পাশাপাশি পুরো বিষয়টি পর্যালোচনার সিদ্ধান্ত নেয় ফিফা এবং পরবর্তী কাউন্সিল সভায় এর ফলাফল উপস্থাপনের কথা জানায়।
তবে পরিকল্পনা প্রত্যাহার করেও সমালোচনা থামাতে পারেনি ফিফা। উয়েফা, কনকাকাফ ও এএফসি এখনো ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান ধরে রেখেছে। তাদের মতে, এটি নিছক যোগাযোগ বা প্রক্রিয়াগত ত্রুটি নয়; বরং ফিফার নেতৃত্ব ও শাসনব্যবস্থার সঙ্গে সম্পর্কিত গুরুতর বিষয়।
সোমবার ফুটবল বিশ্বের উদ্দেশে প্রকাশিত এক যৌথ খোলা চিঠিতে তিন কনফেডারেশন জানায়, বিরোধটি অর্থ, বিশ্বকাপের সম্প্রসারণ কিংবা প্রতিযোগিতার আয় বণ্টন নিয়ে নয়। তাদের মূল উদ্বেগ ফিফার প্রশাসনিক কাঠামোর স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে।
তাদের দাবি, ফিফার তহবিল সদস্য সংস্থাগুলোর উন্নয়ন ও বিনিয়োগে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত। একই সঙ্গে ঘটনাটিকে শুধু যোগাযোগের ব্যর্থতা হিসেবে উপস্থাপনের সমালোচনা করে তারা একে ‘বিচারবুদ্ধির ব্যর্থতা’ বলে উল্লেখ করেছে।
তিন কনফেডারেশন ফিফার অভ্যন্তরীণ পর্যালোচনার পরিবর্তে স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, ইনফান্তিনোর নেতৃত্বকে দুর্বল করার ধারাবাহিক চেষ্টা চলছে এবং সংস্থাটি তার পাশে রয়েছে।
গত সপ্তাহে মরক্কোতে অনুষ্ঠিত এক বৈঠকের পর ফিফার ব্যবস্থাপনা বোর্ডও ইনফান্তিনোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। বৈঠকে ইনফান্তিনো বিশ্বকাপ-সংক্রান্ত প্রস্তাব নিয়ে পুরো প্রক্রিয়ার জন্য ক্ষমা চান। তবে উয়েফা জানিয়েছে, ওই ক্ষমাপ্রার্থনা তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি।
সূত্রঃ যুগান্তর