
বার্সেলোনা ছেড়ে এক মৌসুমের জন্য লিভারপুলে আরাউজো
ডেস্ক রিপোর্টঃ
উরুগুয়ের তারকা ডিফেন্ডার রোনাল্ড আরাউজোকে এক মৌসুমের জন্য ধারে দলে নিয়েছে লিভারপুল। বার্সেলোনা থেকে ইংলিশ ক্লাবটিতে তার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাব কর্তৃপক্ষ।
চুক্তির আর্থিক বিষয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বার্সেলোনা। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, প্রায় ৫৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে লিভারপুলে পাড়ি জমিয়েছেন ২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। ধারের চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।
২০২৫ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন আরাউজো। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে থাকার কথা ছিল তার। কিন্তু দলের রক্ষণভাগে পাও কুবারসির উত্থানের কারণে কোচ হান্সি ফ্লিকের অধীনে নিয়মিত একাদশে জায়গা হারাতে থাকেন তিনি।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৩৫ ম্যাচে মাঠে নামেন আরাউজো। মানসিক অবসাদের কারণে একপর্যায়ে ফুটবল থেকে বিরতিও নিয়েছিলেন তিনি। জানুয়ারিতে মাঠে ফিরলেও এরই মধ্যে এরিক গার্সিয়া ও জেরার্ড মার্টিন বার্সেলোনার রক্ষণে নিজেদের জায়গা শক্ত করে ফেলেন।
উরুগুয়ের বিশ্বকাপ দলেও ছিলেন আরাউজো, যদিও আসরের কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। এবার লিভারপুলের রক্ষণভাগকে শক্তিশালী করতেই ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন এই ডিফেন্ডার। ভার্জিল ফন ডাইকের সঙ্গে সেন্টার-ব্যাক জুটিতে খেলবেন তিনি। লিভারপুলের রক্ষণে বর্তমানে জো গোমেজ ও জিওভান্নি লিওনি চোটের কারণে বাইরে। পাশাপাশি ইব্রাহিমা কোনাতেও রিয়াল মাদ্রিদে চলে গেছেন।
লিভারপুলে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আরাউজো। এত ঐতিহ্যবাহী একটি ক্লাবে আসতে পেরে নিজেকে রোমাঞ্চিত উল্লেখ করে তিনি সতীর্থদের সঙ্গে দেখা করে দ্রুত মাঠে নামার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন।
আরাউজোর ভাষায়, ক্যারিয়ারের এই পর্যায়ে লিভারপুলে আসার সিদ্ধান্তটি তার জন্য সঠিক ছিল। নতুন এই অধ্যায়ে নিজেকে প্রমাণ করতে তিনি দারুণভাবে অনুপ্রাণিত এবং মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সূত্রঃ বাসস