সবার কথা বলে

নড়িয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে সাময়িক বহিষ্কার

0 352

নড়িয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে সাময়িক বহিষ্কার।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
বুধবার (৬ অক্টোবর) শরীয়তপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মতিউর রহমান সাগরের বিরুদ্ধে একাধিক দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সম্প্রতি তার বিরুদ্ধে একের পর এক অপকর্ম প্রকাশ পাওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, তার এ ধরনের কর্মকাণ্ডের ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র অনুযায়ী এবং শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশক্রমে তাকে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলীয় সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে বিষয়টি অবগতির জন্য ভারপ্রাপ্ত মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতাদের কাছে অনুলিপি দেওয়া হয়েছে।

তবে চিঠিতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে মতিউর রহমান সাগরের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.