
নড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাল্কহেড থেকে ৩০৫ বোতল বিদেশি মদ জব্দ, আটক ২
নিজেস্ব সংবাদদাতা – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার মালিকানাধীন একটি বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করেছে নৌপুলিশ। এ ঘটনায় বাল্কহেডের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সুরেশ্বর লঞ্চঘাট-সংলগ্ন পদ্মা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ি। অভিযানে নেতৃত্ব দেন ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
নৌপুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় এমভি তাসলিমা নামের একটি বাল্কহেডে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাল্কহেডের চালক মো. রফিক (৫০) ও সহকারী মো. উজ্জল (২৯)কে আটক করে পুলিশ। আটক দুজনই পটুয়াখালী জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আটক বাল্কহেডটির মালিক নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রমজান হাওলাদার।
সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাল্কহেডের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।