
নড়িয়ায় আওয়ামীলীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন অর্ধশত নেতাকর্মী।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মতিউর রহমান সাগর এর নোয়াদ্দা বাংলাবাজার তার নিজ অফিসে ফুল দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য পদত্যাগী সহ-সভাপতি আফজাল ফকির, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাজাহান মল্লিক এবং স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চান মিয়া কোতোয়ালের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপি নেতা মতিউর রহমান সাগর নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।
এর আগে ২২ ডিসেম্বর পনু সিকদার ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল রাড়ির নেতৃত্বে আরও অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
ঘরিষার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মাঝির সভাপতিত্বে এবং ছাত্রদলের সভাপতি ইমরান সরদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান সাগর।
নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মতিউর রহমান সাগর বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও সুস্থধারার রাজনীতিতে বিশ্বাস করে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি কাজ করে যাচ্ছে। নড়িয়া-সখিপুরে আলহাজ সফিকুর রহমান কিরণকে বিজয়ী করতে তারা বদ্ধপরিকর। এ কারণে নতুন যোগদানকারীদের বিএনপির পতাকাতলে স্বাগত জানানো হয়েছে।