
রূপালী ব্যাংকের ২০১৪ সালের নিয়োগ নিয়ে দুদকের অনুসন্ধান, পাঁচ কর্মকর্তা তলব
ডেস্ক রিপোর্টঃ
রূপালী ব্যাংক পিএলসির নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ এবং গৃহ নির্মাণ ঋণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অনুসন্ধানের অংশ হিসেবে ২০১৪ সালে সিনিয়র অফিসার পদে নিয়োগ পাওয়া পাঁচ কর্মকর্তাকে তলব করা হয়েছে। একই সঙ্গে ওই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রও চেয়েছে সংস্থাটি।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আক্তার হোসেন আজ বাসসকে জানান, ২০১৪ সালে রূপালী ব্যাংকের বিভিন্ন পদে ৮০১ জনকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তদন্তাধীন রয়েছে। অভিযোগপত্রে উল্লেখ থাকা ১৪ জনের মধ্যে পাঁচ কর্মকর্তাকে গত ৫ জুলাই দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়েছে এবং অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান।
এর আগে দুদকের সহকারী পরিচালক (ব্যাংক) মোহাম্মদ আজগর হোসেন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, অভিযোগটি অনুসন্ধানে তাকে দলনেতা এবং উপ-সহকারী পরিচালক মো. ইয়াছিন মোল্লাকে সদস্য করে দুই সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। দলটি রূপালী ব্যাংকের নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ এবং গৃহ নির্মাণ ঋণ বিতরণে অভিযোগকৃত অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো যাচাই করছে।
গত ২৯ জুন জারি করা নোটিশে ২০১৪ সালে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ পাওয়া তাপসী রায়, তানভীর আহম্মেদ চৌধুরী, মনির হোসেন, অমৃত কুমার বাবুরী এবং মো. আখেরুল ওয়ালিদকে ৫ জুলাই দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। তাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র, নিয়োগ পরীক্ষার আবেদনপত্র, প্রবেশপত্র, ভাইভা কার্ড এবং কোটা সনদ সঙ্গে আনতে বলা হয়।
এ ছাড়া পৃথক একটি চিঠিতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ২০১৪ সালের সিনিয়র অফিসার ও অফিসার নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরপত্র, উত্তরপত্র, নিয়োগ অনুমোদনের কাগজপত্র, নিয়োগপ্রাপ্তদের সনদ, প্রবেশপত্রসহ সংশ্লিষ্ট সব নথি জমা দিতে বলা হয়েছে।
পাশাপাশি সে সময়কার পরিচালনা পর্ষদের সদস্যদের তথ্য, বাংলাদেশ ব্যাংকের কোনো তদন্ত প্রতিবেদন থাকলে তার অনুলিপি, জাল সনদের মাধ্যমে নিয়োগের অভিযোগসংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়-সম্পদের বিবরণও চেয়েছে দুদক।
দুদক জানিয়েছে, অভিযোগের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অনুসন্ধান নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব নথিপত্র কমিশনে পাঠানোর জন্য রূপালী ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
সূএঃ বাসস