সবার কথা বলে

আর্জেন্টিনার সেমিফাইনালে উচ্ছ্বাসে ভাসছেন দেশের তারকারা

0 4

আর্জেন্টিনার সেমিফাইনালে উচ্ছ্বাসে ভাসছেন দেশের তারকারা

ডেস্ক রিপোর্টঃ

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকালে লিওনেল মেসিদের এই জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাও।

মেসির নেতৃত্বে আলবিসেলেস্তেদের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারা। বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেডিয়ামে উপস্থিত থেকেও প্রিয় দলকে সমর্থন দিয়েছেন দেশের কয়েকজন জনপ্রিয় তারকা।

ছোটপর্দার জনপ্রিয় দম্পতি নাঈম ও নাদিয়া গ্যালারিতে বসে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেন। পরে নাদিয়া সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে লেখেন, ‘ভামোস আর্জেন্টিনা! রোড টু সেমিফাইনালস। গর্জে ওঠো আর্জেন্টিনা।’ একই সঙ্গে কানসাস সিটির স্টেডিয়ামে দলের সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া মেহজাবীন চৌধুরী, সাফা কবির, মোস্তফা কামাল রাজ ও দিলারাসহ আরও অনেক তারকা মাঠে বসে আর্জেন্টিনাকে সমর্থন জানিয়েছেন।

আর্জেন্টিনার জয় উদযাপন করে অভিনেত্রী পূর্ণিমা ফেসবুকে লিখেছেন, ‘পিওর ইমোশন, পিওর প্যাশন। সেমিফাইনালিস্ট!’

অন্যদিকে অভিনেতা ইরফান সাজ্জাদ জয় পেলেও দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে তিনি কোচ লিওনেল স্কালোনিকে সেমিফাইনালে সেরা একাদশ নিয়ে মাঠে নামার পরামর্শ দেন।

অভিনেত্রী মালাইকা চৌধুরীও আর্জেন্টিনার জয়ে আনন্দ প্রকাশ করেছেন। দলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আজকে আমি অনেক খুশি।’

সূএঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.