
নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রকাশিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রকাশিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, প্রকাশিত কমিটিতে নাম না থাকা সত্ত্বেও এক ব্যক্তি নিজেকে যুগ্ম আহ্বায়ক পরিচয়ে বিভিন্ন ফেস্টুন, ব্যানার ও শুভেচ্ছা বার্তায় প্রচার করে আসছেন।
অভিযোগ উঠা ব্যক্তির নাম আলমগীর হোসেন পেদা। যেখানে তিনি বিভিন্ন ফেস্টুন, ব্যানারে নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হিসেবে প্রচার করে আসছেন।
এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি থেকে এ ধরনের ভুয়া পরিচয় না দেওয়ার জন্য প্রতিবাদ জানান, তাছাড়া নেটিজনরা এ ঘটনায় বিভিন্ন মত প্রকাশ করে নিন্দা জানান।
বিষয়টি নিয়ে জানতে চাইলে নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরীফ ওহেদুজ্জামান উজ্জ্বল বলেন,
“তিনি কমিটিতে নেই, এটা সত্য। তবে দলের দুঃসময়ে তিনি সংগঠনের পাশে ছিলেন।” তবে প্রকাশিত কমিটিতে পদ না থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তি কেন নিজেকে যুগ্ম আহ্বায়ক পরিচয়ে প্রচার করছেন এটা ঠিক নয়, তবে তিনি প্রস্তাবিত উল্লেখ করতে পারতেন বলে জানান।
তবে এঘটনায় উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক প্রচার করা ব্যক্তি আলমগীর হোসেন পেদার সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে, তিনি বলেন “দলীয়ভাবে আমাকে মৌখিকভাবে ওই পদ দেওয়া হয়েছে।”
তবে তাঁর এই দাবির পক্ষে কোনো লিখিত আদেশ বা আনুষ্ঠানিক প্রমাণ উপস্থাপন করতে পারেন নি তিনি।
এদিকে এমন পরিচয় ব্যবহারের বৈধতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন ও আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।