
ইরানে সম্ভাব্য হামলা আপাতত স্থগিত, দ্রুত চুক্তির শর্তে সম্মতি ট্রাম্পের
ডেস্ক রিপোর্টঃ
ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান আপাতত স্থগিত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, তেহরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্রুত একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছানো সম্ভব হলেই হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত কার্যকর থাকবে।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত রয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় মাত্রার সামরিক শক্তি, সক্ষমতা ও প্রস্তুতি আর দেখা যায়নি।
তিনি আরও বলেন, সামরিকভাবে প্রস্তুত থাকা সত্ত্বেও ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে।
ট্রাম্প জানান, ওই অনুরোধের পর একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে তিনি পরিকল্পিত অভিযান বাতিল বা স্থগিত রাখতে রাজি হয়েছেন। এ সিদ্ধান্তে ইসরাইলও যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সূত্রঃ বাসস