
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, প্রাণ গেল
১১১ জনের
ডেস্ক রিপোর্টঃ
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৭টার কিছু পর দেশটির কফি অঞ্চল ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বেশ কয়েকটি এলাকায় ভূমিকম্প আঘাত হানে। তীব্র কম্পনে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। দেশটির বিভিন্ন শহরে অন্তত ১ হাজার ৫০০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের পর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে উদ্ধার কার্যক্রমে। ক্যালিসহ বিভিন্ন এলাকায় দমকলকর্মীদের সঙ্গে সাধারণ মানুষও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। ভারী যন্ত্রপাতির পাশাপাশি শাবল, বালতি এমনকি খালি হাতেও ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ করা হচ্ছে।
উদ্ধারকারীদের একটি দল ধ্বংসস্তূপের নিচ থেকে শব্দ ও অন্যান্য সংকেত পাওয়ার চেষ্টা করছে। একপর্যায়ে আটকে থাকা একজনের শিসের শব্দ শুনে এক পুরুষ ও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। তবে ওই ব্যক্তির স্ত্রী তখনও ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন।
ভূমিকম্পের পর হাসপাতালগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ক্যালিতে রাতের কারফিউ দেওয়া হয়েছে এবং অন্তত ছয়টি স্থানীয় বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছড়িয়ে পড়া এবং ভবনের ধ্বংসাবশেষের কারণে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কলম্বিয়ার রাজধানী বোগোটাসহ বেশ কয়েকটি এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। প্রতিবেশী ইকুয়েডর ও পানামাতেও এর প্রভাব পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বিশেষজ্ঞদের মতে, নাজকা টেকটোনিক প্লেটের গভীরে থাকা একটি চ্যুতিরেখায় নড়াচড়ার ফলে ভূমিকম্পটির সৃষ্টি হয়ে থাকতে পারে।
দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধার কার্যক্রম সমন্বয়ের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পেশাদার ফুটবলের সব আসন্ন ম্যাচ স্থগিত করা হয়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ার পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। যুক্তরাষ্ট্র জরুরি ত্রাণ হিসেবে ১ কোটি ৫৫ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন উদ্ধার তৎপরতায় উপগ্রহভিত্তিক কোপার্নিকাস সেবা ব্যবহারের কথা জানিয়েছে। এ ছাড়া ইসরাইল, মেক্সিকো, ইকুয়েডর ও ফ্রান্সও সহযোগিতার প্রস্তাব দিয়েছে।
সূত্রঃ বাসস