
ক্যান্সারে আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসায় সহায়তার হাত বাড়াল ক্রীড়া মন্ত্রণালয়
অনলাইন ডেস্কঃ
ক্যান্সারে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রোববার মতিঝিলের যুব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক হৃদয়ের চিকিৎসা ব্যয়ের অংশ হিসেবে ৫ লাখ টাকার একটি চেক তার বাবা আবুল কাসেমের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মেহেদী হাসান হৃদয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি একটি ভিডিও ক্লিপের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। বিষয়টি জানার পরপরই প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। তার নির্দেশনা অনুসারেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হৃদয়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে হৃদয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেছে। পাশাপাশি হৃদয় পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী হৃদয়ের দ্রুত আরোগ্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, অসুস্থ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি। তার মতে, আজকের এই আর্থিক সহায়তা কেবল একটি প্রতীকী উদ্যোগ। ভবিষ্যতেও দেশের যেকোনো ক্রীড়াবিদ সংকটে পড়লে মানবিক দায়িত্ববোধ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের পাশে থাকবে।
সূএঃ বাসস