
ব্যক্তিগত মন্তব্য নিয়ে সংসদে
দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ডেস্ক রিপোর্টঃ
নিজের একটি ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, তার ব্যক্তিগত মন্তব্যে অনেকেই আপত্তি জানিয়েছেন। কাউকে উদ্দেশ্য করে তিনি ওই মন্তব্য করেননি উল্লেখ করে মন্ত্রী বলেন, তবুও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
মন্ত্রীর এই বক্তব্যের পর সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান।
সম্প্রতি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে রাজধানীর সিটি কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে তার কথোপকথন দেখা যায়। জানা গেছে, গত ১২ জুলাই রাতে ওই শিক্ষার্থীর অভিভাবক হোয়াটসঅ্যাপে ফোন করে মেয়ের সঙ্গে মন্ত্রীর কথা বলার ব্যবস্থা করেন। শিক্ষার্থীকে সাহস জোগাতেই এই কথোপকথনের উদ্যোগ নেওয়া হয়েছিল। অন্য একটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে পরে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
ভিডিওতে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, এক বৈঠকে কেউ একজন বলেছিলেন, সামান্য বৃষ্টিতে তার মেয়ের জ্বর চলে আসে। সে প্রসঙ্গ টেনে তিনি ‘ফার্মের মুরগি’ মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন, একদিন বৃষ্টিতে ভিজে জ্বর এলে পরের কয়েক দিন পরীক্ষায় অংশ নেওয়াও কঠিন হয়ে পড়বে।
এ ছাড়া তিনি জানান, শুরুতে তিনি পরীক্ষা স্থগিতের পক্ষেই ছিলেন। তবে জেলা প্রশাসক ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে জানা যায়, পরদিন উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। সেই তথ্যের ভিত্তিতেই পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
সূএঃ যুগান্তর