সবার কথা বলে

সারা দেশে ১০১টি পার্ক নির্মাণের উদ্যোগ সরকারের

0 1

সারা দেশে ১০১টি পার্ক নির্মাণের

উদ্যোগ সরকারের

ডেস্ক রিপোর্টঃ

দেশব্যাপী পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের ঘাটতি দূর করতে ১০১টি নতুন পার্ক নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও জানান, রাজধানীর ফার্মগেটের আনোয়ারা উদ্যানে একটি পার্ক নির্মাণ এবং রামপুরা, খিলগাঁও উচ্চ বিদ্যালয় এলাকা ও খিলগাঁও পুনর্বাসন এলাকায় তিনটি খেলার মাঠ উন্নয়নসহ খিলগাঁওয়ে একটি ঈদগাহ, পার্ক ও কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জাকারিয়া তাহের বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারে দুটি করে মোট চারটি পার্কের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। একই সঙ্গে রমনা পার্কের আধুনিকায়নের কাজ সম্পন্ন করে সেটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহের তারাকান্দায় আরও একটি পার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণ গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভূমির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বহুতল ভবন নির্মাণে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি আধুনিক নির্মাণ প্রযুক্তি, পরিবেশবান্ধব উপকরণ, জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, স্বতন্ত্র পয়ঃশোধনাগার (এসটিপি) এবং পর্যাপ্ত সবুজায়নের ব্যবহারে সরকার উৎসাহ দিয়ে যাচ্ছে।

সূএঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.