
স্পেন-ফ্রান্স সেমিফাইনাল ঘিরে উত্তাপ, মাঠের আগেই শুরু মনস্তাত্ত্বিক লড়াই
ডেস্ক রিপোর্টঃ
ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ২০ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও ফ্রান্স। মঙ্গলবারের এই হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে মাঠের বাইরেই শুরু হয়েছে কথার লড়াই।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকে এই ম্যাচের ফেবারিট হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, স্প্যানিশ খেলোয়াড়রা বলছেন, সাম্প্রতিক দুই দেখায় ফ্রান্সকে হারানোর কারণে তারা আত্মবিশ্বাসী।
বিশ্বকাপে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল দুই দল। ২০০৬ সালের সেই ম্যাচে ৩-১ ব্যবধানে জিতেছিল ফ্রান্স। তবে এরপর ইউরো ২০২৪ ও উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেনই জয় পেয়েছে। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা।
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল বলেন, ফ্রান্সকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একই সুরে নিকো উইলিয়ামস জানান, তাদের আত্মবিশ্বাসই এমন মন্তব্যের ভিত্তি, অহংকার নয়।
ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসি বলেন, তিনি ভয় পান না। তবে এমবাপ্পের ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সক্ষমতারও প্রশংসা করেন এই ডিফেন্ডার।
অন্যদিকে, স্প্যানিশ খেলোয়াড়দের এসব মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না ফরাসি শিবির। ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলেন, তারা কোনো মনস্তাত্ত্বিক ফাঁদে পা দেবেন না। মাঠেই প্রমাণ হবে কোন দল ফাইনালে ওঠার যোগ্য।
সূএঃ যুগান্তর