
সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের
সরিয়ে দিল পুলিশ
ডেস্ক রিপোর্টঃ
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সংসদ ভবনের প্রধান ফটকের সামনে পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন শিক্ষার্থী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধের কর্মসূচি পালন শেষে সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীরা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন। সংসদের অধিবেশন চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন।
প্রথমে পুলিশ শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সরে যেতে অনুরোধ করে। পরে একদল শিক্ষার্থী সংসদ ভবনে ঢোকার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ আন্দোলনকারীদের সংসদ ভবনের প্রধান ফটক থেকে আসাদ গেট পর্যন্ত সরিয়ে নেয়।
এর আগে বিকাল পৌনে ৬টার দিকে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের সামনে পৌঁছান।
আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। বিকাল ৫টার দিকে সায়েন্সল্যাবে এক সমাবেশে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং সাম্প্রতিক মন্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
তাদের আরও দাবি, ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষাটি পুনরায় নিতে হবে, আগামী দিনের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব হতে হবে।
দিনের শুরুতে শিক্ষার্থীরা প্রায় ৪৫ মিনিট সড়ক অবরোধ করেন। পরে মিছিল নিয়ে ঢাকা কলেজ, নিউমার্কেট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে যান। এরপর পুলিশি তত্ত্বাবধানে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান শেষে আবার সায়েন্সল্যাব মোড়ে ফিরে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করেন। এতে সায়েন্সল্যাব, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। তবে জরুরি সেবার অ্যাম্বুলেন্স চলাচলে তারা বাধা দেননি।
সূএঃ যুগান্তর