
দেশে ১,৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা, গড়ে উঠবে ইভি চার্জিং নেটওয়ার্ক
ডেস্ক রিপোর্টঃ
দেশের গণপরিবহনকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রায় ১ হাজার ৪০০টি বৈদ্যুতিক (ইভি) বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে সারাদেশে সার্বজনীন ইভি চার্জিং অবকাঠামো গড়ে তোলা এবং মনোরেলসহ নতুন গণপরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক জানান, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবহন ব্যবস্থাকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও দক্ষ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি বলেন, বিভিন্ন প্রকল্পের আওতায় ৫০০টি, ৩০০টি এবং আরও ৪০০টি বৈদ্যুতিক বাস সংগ্রহের পরিকল্পনা রয়েছে। সব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের গণপরিবহনে প্রায় ১ হাজার ৪০০টি ইভি বাস যুক্ত হবে। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের শুরুতেই নির্বাচিত কয়েকটি রুটে এর কার্যক্রম দৃশ্যমান হতে পারে। প্রথম ধাপে অন্তত ২০০টি বাস চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকার ৬৪টি জেলায় বিআরটিসির জমিতে চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা করছে। অতিরিক্ত সক্ষমতা থাকলে এসব স্টেশন বেসরকারি অপারেটরদের জন্যও উন্মুক্ত থাকবে। পাশাপাশি বুয়েট ও এমআইএসটির বিশেষজ্ঞদের সমন্বয়ে বৈদ্যুতিক বাসের জন্য অভিন্ন কারিগরি মানদণ্ড প্রণয়নের কাজ চলছে।
সচিব আরও জানান, যেসব রুটে মেট্রোরেল উপযুক্ত নয়, সেখানে মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি বেসরকারি খাতকে বৈদ্যুতিক বাসে বিনিয়োগে উৎসাহ দিতে কর-সুবিধা ও অন্যান্য আর্থিক প্রণোদনার বিষয়েও সরকার কাজ করছে। এছাড়া, যাত্রীদের জন্য ভাড়া সহনীয় রাখতে ভর্তুকি ও ভাড়ার কাঠামো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।
সূএঃ বাসস