
ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট ‘বিক্রম-১’-এর সফল উৎক্ষেপণ
ডেস্ক রিপোর্টঃ
ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত অরবিটাল রকেট ‘বিক্রম-১’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। এই সাফল্যকে দেশটির মহাকাশ খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে স্কাইরুট অ্যারোস্পেস নির্মিত রকেটটি উৎক্ষেপণ করা হয়। পৃথিবীর নিম্ন কক্ষপথে (লো-আর্থ অরবিট) ক্ষুদ্র উপগ্রহ বহনের উপযোগী এই রকেটটি প্রায় ৩৫০ কেজি পর্যন্ত পেলোড বহনে সক্ষম।
সফল উৎক্ষেপণের পর স্কাইরুট অ্যারোস্পেস জানায়, ‘বিক্রম-১’ তার প্রথম পরীক্ষামূলক মিশন সফলভাবে সম্পন্ন করেছে। এটি ভারতের বেসরকারি খাতের প্রথম সফল অরবিটাল মহাকাশ উৎক্ষেপণ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অর্জনকে ভারতের মহাকাশ অভিযাত্রায় যুগান্তকারী মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, বেসরকারি খাতের অংশগ্রহণ নতুন উদ্ভাবন ও সম্ভাবনার পথ আরও উন্মুক্ত করবে।
রকেটটিতে পরীক্ষামূলকভাবে কৃত্রিম হীরা, মহাকাশের আবর্জনা অপসারণে সক্ষম একটি রোবোটিক বাহু, ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি ক্ষুদ্র রকেটের প্রতিরূপ এবং ভারতীয় বিজ্ঞানীদের ক্ষুদ্র ভাস্কর্য বহন করা হয়েছে।
২০২০ সালে মহাকাশ খাত বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করার পর ভারতের মহাকাশ শিল্প দ্রুত সম্প্রসারিত হয়েছে। বর্তমানে প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের এই খাতে ৪০০টির বেশি স্টার্টআপ কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, ‘বিক্রম-১’-এর সফল উৎক্ষেপণ আন্তর্জাতিক মহাকাশ শিল্পে ভারতের অবস্থান আরও শক্তিশালী করবে।
সূএঃ বাসস