
বিশ্বকাপজয়ীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘চ্যাম্পিয়নশিপ রিং’
ডেস্ক রিপোর্টঃ
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম শিরোপাজয়ী দলকে ট্রফি ও পদকের পাশাপাশি বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ প্রদান করবে ফিফা। ২০২৬ বিশ্বকাপের বিজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা এই অনন্য সম্মাননা পাবেন।
ফিফার তথ্য অনুযায়ী, মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের জন্য, আর বাকি ১ হাজার ৯৯৬টি অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসেবে সমর্থকদের জন্য বাজারজাত করা হবে।
রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে বিজয়ী দলের প্রতীক ও পরিচয়। চ্যাম্পিয়ন দলের প্রতিটি রিং হবে পৃথক সিরিয়াল নম্বরযুক্ত এবং খেলোয়াড়দের মাপ অনুযায়ী বিশেষভাবে তৈরি। প্রতিটি রিংয়ের সঙ্গে দেওয়া হবে সত্যতা নিশ্চিতকারী সনদও।
বিশ্বকাপ ফাইনালের পর বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকীভাবে অস্থায়ী রিং পরিয়ে দেওয়া হবে। পরে নির্ধারিত ৩০টি কাস্টমাইজড রিং তৈরি করে খেলোয়াড় ও কোচিং স্টাফদের আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।
আগামী রোববার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে।
সূএঃ বাসস