সবার কথা বলে

রবীন্দ্রনাথকে স্মরণে ঢাকায় ‘শ্রাবণ সন্ধ্যা’ আয়োজন

0 6

রবীন্দ্রনাথকে স্মরণে ঢাকায় ‘শ্রাবণ সন্ধ্যা’ আয়োজন

ডেস্ক রিপোর্টঃ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীতে আয়োজন করা হয়েছে বর্ষা উৎসবভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শ্রাবণ সন্ধ্যা’। শনিবার (১৮ জুলাই) ভারতের হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে এমপি হল রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীসহ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ও ভারতের সংগীতশিল্পী, কবি, সাহিত্যিক, নাট্যব্যক্তিত্ব, চিত্রশিল্পী, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন এতে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইজিসিসির সমন্বয়ক খোকন চন্দ্র দাস।

আয়োজকদের মতে, বর্ষা শুধু একটি ঋতু নয়, এটি ভারত ও বাংলার সাহিত্য-সংগীতের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সেই ঐতিহ্যকে সামনে রেখেই নির্বাচিত গান ও পরিবেশনার মাধ্যমে বর্ষার সৌন্দর্য এবং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের চিত্র তুলে ধরা হয়েছে।

সন্ধ্যার আয়োজনে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন অনিল কুমার সাহা ও অলোক কুমার সেন। পরে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী ড. চঞ্চল খান। বর্ষাকে কেন্দ্র করে বাংলা ও হিন্দি গানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বর্ষাবিষয়ক গান ও সৃষ্টিকর্মের নানা দিক স্মরণ করা হয়। একই সঙ্গে তার সাহিত্য, সংগীত এবং দুই বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আয়োজকদের মতে, এমন আয়োজন দুই দেশের মানুষের সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

সূএঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.