সবার কথা বলে

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

0 1

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা, ১৯ জুলাই: স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ, তবে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ মোকাবিলায় অতিরিক্ত সময় প্রয়োজন।

তথ্য অধিদফতর জানিয়েছে, জাতিসংঘ সদরদপ্তরে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে ইকোসকের শীর্ষ কর্মকর্তারা উন্নয়নশীল দেশগুলোর সামনে থাকা বৈশ্বিক চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরে বাংলাদেশের এলডিসি উত্তরণ যাতে মসৃণ, টেকসই ও স্থিতিশীল হয়, সে লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের কারণে বাংলাদেশ পূর্বনির্ধারিত প্রস্তুতিকালের পূর্ণ সুবিধা নিতে পারেনি।

তিনি আরও জানান, প্রস্তুতিকাল বাড়ানোর লক্ষ্য উত্তরণ পিছিয়ে দেওয়া নয়; বরং কাঠামোগত সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, আর্থিক খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি ও অবকাঠামো শক্তিশালী করে একটি কার্যকর ও টেকসই উত্তরণ নিশ্চিত করা।

বাংলাদেশের প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।

সূএঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.