সবার কথা বলে

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, তিন শিশুসহ নিহত অন্তত ১১

0 6

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, তিন শিশুসহ নিহত অন্তত ১১

ডেস্ক রিপোর্টঃ

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। শনিবারের পৃথক হামলায় তিন শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স ও হাসপাতাল কর্তৃপক্ষ।

গাজার সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আবাসিক ভবনে হামলায় একই পরিবারের পাঁচ সদস্য—তিন শিশু এবং তাদের বাবা-মা—প্রাণ হারান। পরিবারের একমাত্র জীবিত শিশুটি হামলার সময় বাসার বাইরে থাকায় বেঁচে যায়। আল-শিফা হাসপাতালও পাঁচটি মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের এক সদস্যকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল এবং এর ফলাফল এখনও যাচাই করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলার আগে কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনের বড় অংশ ধসে পড়ে এবং ঘটনাস্থলে নারী, শিশু ও বয়স্কসহ বহু মানুষ হতাহত হন।

এদিকে, গাজা সিটির জেইতুন এলাকায় বেসামরিক মানুষের ওপর আরেকটি বিমান হামলায় তিনজন নিহত হন। কয়েক ঘণ্টা পর একই এলাকার বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে গোলাবর্ষণে এক নারী নিহত হন এবং তার মেয়েসহ কয়েকজন আহত হন। এছাড়া অন্য এলাকাগুলোতে পৃথক হামলায় আরও দুজন নিহত হওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এসব হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১,১৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, একই সময়ে গাজায় পাঁচজন ইসরাইলি সেনা ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

সূএঃ বাসস 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.