
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি
ডেস্ক রিপোর্টঃ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৫১ শিশু।
রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, এ সময় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও এর উপসর্গে মোট ৭৮৮ শিশুর প্রাণহানি ঘটেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক দিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৩৮ জন। এ সময় নতুন করে ৮৮৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনে। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৩১ জন। এদের মধ্যে মোট ১ লাখ ১৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৯৬ হাজার ৫২১ জন বাড়ি ফিরেছে।
সূএঃ যুগান্তর