
ইরান যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে পৌঁছালেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের ইতি: আরাঘচি
ডেস্ক রিপোর্টঃ
যুদ্ধক্ষেত্রে ইরান স্পষ্ট কৌশলগত সুবিধা অর্জন করার পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তি ঘটবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো সংঘাতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কখন যুদ্ধ থামিয়ে আলোচনার পথে এগোনোর উপযুক্ত সময় এসেছে, তা সঠিকভাবে নির্ধারণ করা।
আরাঘচির ভাষ্য, যুদ্ধের অবসান সাধারণত দুটি পথেই হতে পারে—পূর্ণ সামরিক বিজয় অথবা আলোচনার মাধ্যমে সমঝোতা। তবে আলোচনায় বসা উচিত তখনই, যখন যুদ্ধক্ষেত্রে দৃশ্যমান সামরিক ও কৌশলগত সাফল্য অর্জিত হয়।
তিনি বলেন, জনগণের জীবন ও দেশের ভবিষ্যতের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া যায় না। তাই প্রতিটি সিদ্ধান্তই গভীর বিশ্লেষণ ও পূর্ণাঙ্গ হিসাব-নিকাশের ভিত্তিতে গ্রহণ করা প্রয়োজন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বকে সব সময় মূল্যায়ন করতে হবে—যুদ্ধ চালিয়ে গেলে কৌশলগত লাভ বেশি হবে, নাকি এতে মানবিক ও জাতীয় ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
আরাঘচির দাবি, কিছু ক্ষয়ক্ষতি হলেও চলমান সংঘাতে ইরান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং রাষ্ট্রীয় সক্ষমতারও প্রমাণ দিয়েছে।
সূত্রঃ যুগান্তর