সবার কথা বলে

যুক্তরাষ্ট্রের আরও সামরিক রিফুয়েলিং বিমান পৌঁছাচ্ছে ইসরাইলে, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা

0 3

যুক্তরাষ্ট্রের আরও সামরিক রিফুয়েলিং বিমান পৌঁছাচ্ছে ইসরাইলে, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা

ডেস্ক রিপোর্টঃ

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের ১৪টি আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) সামরিক বিমান ইসরাইলে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম ওয়ালার এক প্রতিবেদনে বিমানবাহিনীর একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ইসরাইলের সামরিক ঘাঁটি ও দক্ষিণাঞ্চলের রামন বিমানবন্দরে মোট ১০০টি রিফুয়েলিং বিমান মোতায়েনের পরিকল্পনা করছে ওয়াশিংটন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান আরও বিস্তৃত করে, তাহলে অতিরিক্ত রিফুয়েলিং বিমানের প্রয়োজন হবে। সেক্ষেত্রে এসব বিমান তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরেও অবতরণ করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে বেন গুরিয়ন বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের অন্তত ৩৩টি রিফুয়েলিং বিমান রয়েছে। গ্রীষ্মকালীন ভ্রমণের ব্যস্ত মৌসুমে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বেসামরিক বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আগেই সতর্ক করেছিল ইসরাইল। তবে দেশটিতে বর্তমানে মোট কতটি মার্কিন রিফুয়েলিং বিমান রয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে শনিবার রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম কান জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মোতায়েন পুনর্বিন্যাসের পরিকল্পনা সম্পর্কে ইসরাইলকে অবহিত করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আরও রিফুয়েলিং বিমান পাঠানো হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি বিমান দক্ষিণ ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে পৌঁছেছে এবং আরও কয়েকটি বিভিন্ন সামরিক ঘাঁটিতে পৌঁছানোর কথা রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের পর থেকেই ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা বাড়তে শুরু করে। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা দেশগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

যদিও গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরান সংঘাত নিরসন এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে পৌঁছায়, তবুও হরমুজ প্রণালিকে ঘিরে গত সপ্তাহে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় অঞ্চলজুড়ে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.