
মার্কিন স্থল অভিযানের হুঁশিয়ারিতে প্রস্তুত ইরান, খার্গ দ্বীপ নিয়ে কঠোর বার্তা
ডেস্ক রিপোর্টঃ
সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। একই সঙ্গে দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখলের যেকোনো উদ্যোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির সতর্কবার্তাও দেন তিনি।
সোমবার (২০ জুলাই) তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাঘায়ি বলেন, ইরানের নেতৃত্বের মধ্যে এমন ব্যক্তিরা রয়েছেন, যারা সম্ভাব্য মার্কিন স্থল হামলার অপেক্ষায় আছেন এবং প্রয়োজনে সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।
আল জাজিরার তথ্য অনুযায়ী, তিনি বলেন, খার্গ দ্বীপ দখলের মতো কোনো পদক্ষেপ নিলে তার ফল ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে বাঘায়ি জানান, তেহরান জাতীয় স্বার্থ রক্ষায় যুদ্ধ ও কূটনীতি—উভয় পথকেই সমানভাবে গুরুত্ব দেয়। তার ভাষায়, কূটনীতি যেমন একটি কার্যকর উপায়, প্রয়োজনে সামরিক পদক্ষেপও তেমনি একটি মাধ্যম।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতা স্মারকের ভাষা স্পষ্ট এবং এতে কোনো ধরনের অস্পষ্টতা নেই। ১৪ দফার ওই স্মারকে শুরু থেকেই হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনার দায়িত্ব ইরানের বলে উল্লেখ রয়েছে। এ বিষয়ে ওমান ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাঘায়ির মতে, চুক্তির শর্ত পরিষ্কার হওয়ায় তা লঙ্ঘনের কোনো অজুহাত যুক্তরাষ্ট্রের নেই।
তিনি জানান, চলমান উত্তেজনার মধ্যেও বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনের বার্তা তেহরান পেয়েছে। যদিও এসব বার্তার বিস্তারিত প্রকাশ করতে চাননি তিনি, তবে কূটনৈতিক যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে এবং বিভিন্ন প্রস্তাব ইরানের কাছে পৌঁছানো হয়েছে।
উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বাঘায়ি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো বৈরিতা নেই। তবে তিনি আহ্বান জানান, কোনো দেশ যেন তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে না দেয়। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে ইরানের সশস্ত্র বাহিনীও পাল্টা জবাব দিতে থাকবে।
সূত্রঃ যুগান্তর