
যুদ্ধের মাঝেও বিশ্বকাপের আনন্দ, স্পেনের জয়ে উচ্ছ্বসিত গাজার মানুষ
ডেস্ক রিপোর্টঃ
গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের বিভিন্ন ক্যাফেতে একত্র হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল উপভোগ করেন ফিলিস্তিনিরা। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন শিরোপা জয়ের পর সেখানে আনন্দ-উৎসবের পরিবেশ তৈরি হয়।
চলমান যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যেও এই আয়োজন গাজার মানুষের জন্য স্বস্তির কিছু মুহূর্ত এনে দেয়। বিশ্বকাপের ফাইনাল দেখার সময় তারা সাময়িকভাবে যুদ্ধের ভয়াবহতা ও দৈনন্দিন কষ্ট ভুলে থাকার সুযোগ পান।
নুসেইরাত শরণার্থী শিবিরের অনেক দর্শকই স্পেনকে সমর্থন করেন। তাদের মতে, ফিলিস্তিনের প্রতি দীর্ঘদিনের সমর্থনের কারণেই তারা স্প্যানিশ দলের পাশে দাঁড়িয়েছেন।
ফাইনাল দেখতে আসা এক বাসিন্দা বলেন, ফিলিস্তিনের প্রতি স্পেনের অবস্থানের প্রতি সম্মান জানাতেই তারা দলটির সমর্থনে একত্র হয়েছেন।
তিনি আরও বলেন, এই সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনের পাশে থাকা দেশগুলোর প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি বিশ্বে শান্তির বার্তাও তুলে ধরা হয়েছে। গাজার মানুষের প্রত্যাশা, তারা এমন এক ভবিষ্যৎ চায় যেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে।
রোববার অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবার শিরোপা জিতেছিল তারা। অন্যদিকে, ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়।
সূত্রঃ যুগান্তর