
ফ্যামিলি কার্ড কার্যক্রমে নির্ভুল তথ্যভাণ্ডার গঠনের নির্দেশ প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ
ফ্যামিলি কার্ডের সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছায়, সে জন্য একটি গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি এবং ধাপে ধাপে এটি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তারের ওপর জোর দেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার নির্দেশনাও দেন।
তিনি আরও বলেন, তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্ভুলতা বজায় রাখতে হবে।
বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্রঃ বাসস